সহিংসতার পর থমথমে গোপালগঞ্জ, লকডাউন ঘিরে আতঙ্ক
যোগফল প্রতিবেদক:
সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও সদর উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করলেও আগামী ১৯ নভেম্বর সারা দেশে আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউন কর্মসূচি ঘিরে জেলাজুড়ে চাপা আতঙ্ক বিরাজ করছে।
বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা শহরের সড়কগুলোতে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। কিছু এলাকায় দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানও খুলেছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। সাধারণ মানুষের চলাফেরায় সতর্কতা লক্ষ করা গেছে।
সকালে জেলা শহর ও টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তেমন দেখা না গেলেও বেলা ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিজিবি সদস্য ও তাদের কয়েকটি গাড়ি দেখা যায়। কার্যালয়ের প্রধান ফটকে আনসার সদস্যদের পাহারায় থাকতে দেখা গেছে।
স্থানীয় সংবাদকর্মীদের বরাত দিয়ে জানা গেছে, গত রোববারের সহিংসতা ও নাশকতার ঘটনার পর গোপালগঞ্জের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছিল। তবে মঙ্গলবার বিকেলে কোনো যাচাই-বাছাই ছাড়াই খেলার মাঠ থেকে কয়েকজন তরুণকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যার দিকে গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে টুঙ্গিপাড়া থানার সামনে জড়ো হতে থাকেন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।
একপর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে থানার সামনে লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানানো হলে সেখানে হাজারো মানুষ সমবেত হন। তারা থানায় প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় এক পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধ লোকজন থানার ভেতরে ঢুকে পড়েন। এ সময় থানার বাইরে থাকা পুলিশের চারটি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি থানায়ও অগ্নিসংযোগ করা হয়। পরে সহিংসতা ছড়িয়ে পড়ে টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায়। বিভিন্ন সড়কে ব্যারিকেড তৈরি করে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এদিকে শতাধিক লোকের একটি দল গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িসহ তাঁর পরিবারের আরও ১০ থেকে ১৫টি বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। সড়কে ব্যারিকেড ও বিক্ষুব্ধ লোকজনের অবস্থানের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা সময়মতো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে পারেননি।
টুঙ্গিপাড়ার নিলফা এলাকায় স্থানীয় লোকজন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড তৈরি করেন। পরে যৌথ বাহিনীর সদস্যরা উপজেলা সদরের দিকে যেতে চাইলে তাদের বাধা দেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয়টি গাড়িতে আগুন দেওয়া হয় বলে জানা গেছে।
এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ১০ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও টুঙ্গিপাড়া ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিলফা এলাকায় আগুন দেওয়া কয়েকটি গাড়িতে বুধবার সকালেও আগুন জ্বলতে দেখা গেছে। রাতে আগুন নিভে যাওয়ার পর সকালে আবারও গাড়িগুলোর কিছু অংশে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এদিকে ঘটনার বিষয়ে কথা বলতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভয় ও আতঙ্ক দেখা গেছে। অনেকেই নিরাপত্তার আশঙ্কায় মুখ খুলতে চাইছেন না।
অন্যদিকে, মঙ্গলবার রাতে সদর উপজেলার বৌলতলীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। এ ছাড়া কাশিয়ানীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানানো হচ্ছে বলেও খবর পাওয়া গেছে।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত পুলিশ বা প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে কিংবা পুলিশের পক্ষ থেকেও কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন